শার্শার কায়বা সীমান্তে দেড় হাজার পিস ভারতীয় ইয়াবাসহ নারী আটক
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ রুপিয়া খাতুন (৪০) নামে এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার কায়বা বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রুপিয়া খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীন কায়বা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে রুপিয়া খাতুনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১৪৯ বার পড়া হয়েছে