মাগুরা-১ আসনকে আদর্শ এলাকায় রূপান্তরের আশ্বাস এমপির
রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরা-১ আসনের সার্বিক উন্নয়ন ও বিদ্যমান সমস্যা সমাধানে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কোষাধ্যক্ষ অমিত মিত্র, সাংবাদিক শরিফ তেহরান টুটুল, রূপক আইচ, এস আলম তুহিন ও ফয়সাল পারভেজসহ অন্যান্য সাংবাদিকরা।
সভায় বক্তারা মাগুরার শিক্ষা ও চিকিৎসা খাতের অব্যবস্থা, মাদক সমস্যা, যানজট এবং অন্যান্য স্থানীয় সংকটের বিষয়গুলো তুলে ধরেন। এসব সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মত দেন তারা।
সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা-১ আসনকে একটি আদর্শ ও উন্নত জনপদে পরিণত করতে তিনি জেলার সর্বস্তরের মানুষ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করতে চান। সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি জানার জন্য জেলার গুরুত্বপূর্ণ সরকারি অফিস ও প্রেসক্লাবে একাধিক অভিযোগ বাক্স স্থাপনের ঘোষণা দেন তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মাগুরা-১ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
১২৩ বার পড়া হয়েছে