সর্বশেষ

সারাদেশ

নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি: দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

মুরাদুল ইসলাম সনেট,  রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রমজান মাসে বাজার তদারকির সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকি ও ‘মব’ সৃষ্টির চেষ্টার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

সংগঠনটি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান।

ক্যাব রাজশাহীর উপদেষ্টা লিয়াকত আলী বলেন, “রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া দীর্ঘদিনের সমস্যা। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। বাজার মনিটরিং শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি জনস্বার্থ রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতা। সেই দায়িত্ব পালনে বাধা দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ।”

লিখিত বক্তব্য পাঠ করেন ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন, “পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারি মনিটরিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকি দেওয়া এবং মব সৃষ্টির চেষ্টা আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ। এই ধরনের ঘটনা শুধু একজন কর্মকর্তার প্রতি অবমাননা নয়, এটি রাষ্ট্রীয় কর্তৃত্ব ও আইনের শাসনের জন্য অশনিসংকেত। অসাধু ব্যবসায়ীরা সংগঠিত হয়ে প্রশাসনিক কার্যক্রমে বাধা দিলে ভোক্তাদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

মানববন্ধনে জানা যায়, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর চকবাজার থানার অধীন মৌলভীবাজার এলাকায় দ্রব্যমূল্য তদারকির অংশ হিসেবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি প্রতিষ্ঠানের অনিয়ম প্রমাণিত হওয়ায় মেসার্স দেওয়ান ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গত ১০ দিনের মধ্যে ছোলার কেজিপ্রতি দাম পাঁচ টাকা বেড়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ক্রয়মূল্য বেশি দাবি করলেও কোনো ক্রয়মূলক ক্যাশ মেমো দেখাতে পারেননি।

অভিযোগ রয়েছে, মোহাম্মদ আলী ভূট্টো নামের এক ব্যক্তি নিজেকে ব্যবসায়ী সমিতির সভাপতি পরিচয় দিয়ে ম্যাজিস্ট্রেটকে হুমকি দেন এবং অন্য ব্যবসায়ীদের ডেকে মব সৃষ্টির চেষ্টা করেন। দোকানপাট বন্ধের ঘোষণা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মানববন্ধনে কয়েক দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো:

জেলা কার্যালয় থেকে পরিচালিত বাজার তদারকি অভিযানে সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা;
বাজার অভিযানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বাধা, হুমকি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া;
জেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা;
ব্যবসায়ীদের আইন মেনে চলতে বাধ্য করতে সতর্কতা ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ;
রাজধানীতে সৃষ্ট অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি যেন রাজশাহীতে না ঘটে, সে লক্ষ্যে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া।

 

মানববন্ধনে আরও বক্তব্য দেন ক্যাব রাজশাহীর যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ, সাংগঠনিক সম্পাদক সুভাষচন্দ্র হেমব্রম, ক্যাব ইউথ রাজশাহীর সভাপতি জুলফিকার আলী হায়দার, পবা উপজেলা ক্যাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, মোহনপুর উপজেলার সভাপতি রুবেল সরকার এবং সদস্য মোহনা ও পলি।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন