মাদারীপুরে আধিপত্যকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২
রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুরে একই রাতে পৃথক দুই স্থানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার রাতে (২২ ফেব্রুয়ারি) এই সংঘর্ষে দেশীয় অস্ত্র ও শতাধিক হাত বোমা ব্যবহৃত হয়েছে। ঘটনার সূত্রে অন্তত দুইজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৮.৩০ মিনিটের দিকে মাদারীপুর সদর মডেল থানা সংলগ্ন হরিকুমারিয়া এলাকায় স্থানীয় কিশোর গ্যাংদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সঙ্গে ইট-পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে, রাত সাড়ে ১০টায় সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় একই ধরনের সংঘর্ষ শুরু হয়। দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আক্তার হাওলাদার ও হাসান মুন্সির সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ চলাকালে শতাধিক হাত বোমা বিস্ফোরিত হয় এবং স্থানীয় একটি মসজিদের মাইকে “সন্ত্রাসী ঢুকেছে” ঘোষণা ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষ প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
১২৬ বার পড়া হয়েছে