মৌলভীবাজারে রাতের সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মৌলভীবাজারে শুক্রবার দিবাগত রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
ঘটনা ঘটে রাত সাড়ে ১২টার দিকে শেখবাড়ি সংলগ্ন শাহপুর সিনেমা হল এলাকায়, ঢাকা-মৌলভীবাজার সড়কে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত আরও এক ব্যক্তিকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- মৌলভীবাজার পৌরসভার কলাপাড়া এলাকার রেহান, পিকআপচালক রুবেল, এবং সদর উপজেলার কালেঙ্গা এলাকার সিএনজি চালক আলী নূর।
স্থানীয় বাসিন্দা সাজ্জাদুর রহমান বলেন, “আমরা তখন বাজারে ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি দুইজনের লাশ পড়ে আছে। অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাগ্রস্ত যানবাহন উদ্ধারে কাজ করছেন।
১৪৩ বার পড়া হয়েছে