যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি, চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের হাতে
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিয়েছে এবং এখন এই পদক্ষেপটি চূড়ান্তভাবে নির্ভর করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের ওপর। বিষয়টি সিএনএন সূত্রে জানা গেছে।
সূত্র বলছে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক কয়েক দিনে বিমান ও নৌবাহিনীর শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে এবং হোয়াইট হাউসকে জানানো হয়েছে যে সামরিক বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতিতে আছে। হোয়াইট হাউসের অভ্যন্তরীণ সূত্র আরও জানায়, ট্রাম্প নিজে হামলার পক্ষে এবং বিপক্ষে দুই ধরনের যুক্তি তুলেছেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি উপদেষ্টা ও ঘনিষ্ঠদের মতামত নিচ্ছেন।
বুধবার হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুম’-এ ট্রাম্প শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার তাঁকে ইরানের সঙ্গে পরোক্ষ বৈঠকের বিষয়ে ব্রিফ করেন। সূত্র জানায়, হামলা না করার বিষয়ে ট্রাম্প যথেষ্ট সময় নিয়ে বিবেচনা করছেন।
সুইজারল্যান্ডের জেনেভায় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পরমাণু বিষয়ক পরোক্ষ বৈঠকে অংশ নেন। বৈঠকে কিছু ‘পথনির্দেশক নীতিমালা’ নিয়ে দুই পক্ষ একমত হলেও, বিস্তারিত সমাধান এখনও হয়নি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ইরান আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের অবস্থানের বিস্তারিত তথ্য দেবে। তবে ট্রাম্প ওই সময়ের মধ্যে কোনো সামরিক পদক্ষেপ নেবেন কি না, সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।
১১৮ বার পড়া হয়েছে