গোদাগাড়ীর এএসপি ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, আয়বহির্ভূত সম্পদের অভিযোগ
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজশাহীর রাজশাহী গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস সালাম এবং তার স্ত্রী শাহানা পারভীন-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
মামলার তথ্যে জানা যায়, ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর এক ব্যক্তি এএসপি আব্দুস সালামের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয় থেকে তার স্ত্রীকে সম্পদের বিবরণী জমা দিতে নির্দেশ দেওয়া হয়। পরে ২০২৪ সালের ১৮ আগস্ট তিনি রাজশাহী কার্যালয়ে সম্পদের হিসাব দাখিল করেন।
দাখিলকৃত বিবরণীতে শাহানা পারভীন মোট ২১ লাখ টাকার সম্পদ দেখান, যার মধ্যে ১৮ লাখ টাকা স্থাবর ও ৩ লাখ ৭৪ হাজার টাকা অস্থাবর সম্পদ। তবে দুদকের যাচাইয়ে তার নামে প্রায় ৯৫ লাখ ১৬ হাজার টাকার সম্পদের তথ্য পাওয়া যায়— যার মধ্যে ৮৯ লাখ ২৪ হাজার টাকা স্থাবর ও ৪৫ লাখ ৯২ হাজার টাকা অস্থাবর সম্পদ। এতে প্রায় ৭৩ লাখ ৪২ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
এছাড়া আয়কর নথি পর্যালোচনায় ২০১৪-১৫ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত তার বৈধ আয় পাওয়া যায় ৭ লাখ ৭৪ হাজার টাকা, আর পারিবারিক ব্যয় ধরা হয়েছে ৭ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকা। সেই হিসাবে মোট সম্পদ দাঁড়ায় ১ কোটি ২ লাখ ৮০ হাজার ৭৫০ টাকা। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে প্রায় ৯৫ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকার অসংগতিপূর্ণ সম্পদ পাওয়া গেছে বলে অভিযোগে বলা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, সরকারি কর্মকর্তা হিসেবে ক্ষমতার অপব্যবহার করে আব্দুস সালাম দুর্নীতির অর্থ স্ত্রীর নামে সম্পদ গঠনে সহায়তা করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে এএসপি আব্দুস সালাম দাবি করেন, “এটি মিথ্যা মামলা। আমরা নিয়মিত কর প্রদান করি। এগুলো আমার স্ত্রীর পারিবারিক সম্পত্তি। হয়রানির উদ্দেশ্যেই মামলা করা হয়েছে।”
১২১ বার পড়া হয়েছে