খুলনায় জামায়াতের দাপট, ৩৬ আসনের ২৫টিতে জয়, বিএনপির ভরাডুবি
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে খুলনা বিভাগে বড় ধরনের সাফল্য পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিভাগের ১০ জেলার মোট ৩৬টি আসনের মধ্যে ২৫টিতেই জয় পেয়েছে দলটি। অন্যদিকে একসময় এই অঞ্চলে শক্ত অবস্থান থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে মাত্র ১১টি আসন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, খুলনা জেলায় ৬টি আসনের মধ্যে ৪টিতে জয় পেয়েছে বিএনপি এবং ২টিতে জামায়াত। বাগেরহাটের ৪টি আসনের মধ্যে ৩টিতে জামায়াত ও ১টিতে বিএনপি জয়ী হয়েছে। সাতক্ষীরার ৪টি আসনের সবকটিতেই জয় পেয়েছে জামায়াত।
যশোরের ৬টি আসনের মধ্যে ৫টিতে জামায়াত এবং ১টিতে বিএনপি বিজয়ী হয়েছে। মাগুরার ২টি আসনের দুটিতেই জয় পেয়েছে বিএনপি। ঝিনাইদহের ৪টি আসনের মধ্যে ৩টিতে জামায়াত ও ১টিতে বিএনপি জয়ী হয়েছে।
মেহেরপুরের ২টি আসনের দুটিতেই জয় পেয়েছে জামায়াত। কুষ্টিয়ার ৪টি আসনের মধ্যে ৩টিতে জামায়াত ও ১টিতে বিএনপি জয়ী হয়েছে। চুয়াডাঙ্গার ২টি আসনের দুটিতেই জয় পেয়েছে জামায়াত। নড়াইলের ২টি আসনের মধ্যে ১টিতে বিএনপি এবং ১টিতে জামায়াত জয়লাভ করেছে।
তৃণমূল বিএনপি নেতাদের মতে, দলীয় কোন্দল, সাংগঠনিক দুর্বলতা এবং তলে তলে জামায়াতের সঙ্গে সমঝোতার অভিযোগ—এসব কারণেই খুলনা বিভাগে এমন ভরাডুবি হয়েছে। একসময় বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঞ্চলে জামায়াতের উত্থান দলটির জন্য বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
অতীতের পরিসংখ্যান যা বলছে
নির্বাচনী ইতিহাস বিশ্লেষণে দেখা যায়, ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে বিএনপি পেয়েছিল ৯টি এবং জামায়াত ৬টি। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে বিএনপি ১২টি ও জামায়াত ১টি আসনে জয়ী হয়।
২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সর্বোচ্চ ২১টি এবং জামায়াত ৭টি আসনে জয় পায়। তবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মাত্র ২টি এবং জামায়াতও ২টি আসনে সীমাবদ্ধ ছিল।
সাম্প্রতিক এই নির্বাচনে ফলাফলের এমন নাটকীয় পরিবর্তন খুলনা বিভাগের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১৬২ বার পড়া হয়েছে