কানাডার স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ১০
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ শহরের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু ব্যক্তি আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এই গুলির ঘটনা ঘটে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছে। তাকে স্কুলের ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যম সিবিসি নিউজের তথ্যমতে, স্কুলের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা একটি বাড়ি থেকে আরও দুইজনের মরদেহ পাওয়া যায়। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ায় ১০ জনে।
পুলিশ জানায়, দুজনকে গুরুতর অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ২৫ জনকে বিভিন্ন ধরনের আঘাতের জন্য স্থানীয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পরপরই শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন। এলাকায় জারি করা ‘শেল্টার-ইন-প্লেস’ নির্দেশনা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বর্তমানে আর কোনো হুমকি নেই।
১২১ বার পড়া হয়েছে