দৌলতপুর সীমান্তে বিজিবির তিন অভিযানে মাদক উদ্ধার, আটক ১
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে একজন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।
অভিযানে ভারতীয় গাঁজা, হেরোইন ও বিদেশি মদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, রোববার (০৮ ফেব্রুয়ারি) ভোররাতে দৌলতপুর নির্বাচনী বিজিবি বেইজ ক্যাম্পের একটি টহল দল মহিষকুন্ডি এলাকার জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের সড়কে যানবাহন তল্লাশি চালায়। এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুইজন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে মো. লিটন আলী (২৮) নামের একজনকে আটক করতে সক্ষম হন।
আটকের পর লিটন আলীর দেহ তল্লাশি করে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে মোটরসাইকেল চালক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। আটক লিটন আলী দৌলতপুর উপজেলার জয়পুর গ্রামের মৃত এলাহি মণ্ডলের ছেলে। উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৪ হাজার টাকা।
এদিকে, গত শনিবার (০৭ ফেব্রুয়ারি) চরচিলমারী বিওপির আওতাধীন এলাকায় আরও দুটি পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি। বিকেল ৩টার দিকে ডিগ্রিরচর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২০০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা। একই দিন রাত ৯টা ১০ মিনিটে আকন্দপাড়া মাঠ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ভারতীয় বিদেশি মদ জব্দ করা হয়। এসব মদের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৭৫ হাজার টাকা।
বিজিবি জানায়, তিনটি অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৯ হাজার টাকা।
আটক লিটন আলী ও তার পলাতক সহযোগীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেল দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে। এছাড়া মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া হেরোইন ও বিদেশি মদ ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
১৫৫ বার পড়া হয়েছে