বিএনপি এলে কানসাট হবে পৌরসভা, নির্মাণ হবে সেতু: অধ্যাপক শাহজাহান
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা বলেছেন, বিএনপি সরকার গঠন করলে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নকে পৌরসভায় রূপান্তর করা হবে।
পাশাপাশি কানসাট-শ্যামপুর পাগলা নদীর ওপর প্রশস্ত আকারে একটি নতুন সেতু নির্মাণ করা হবে।
রোববার বিকেলে কানসাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে শিবগঞ্জ উপজেলার রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতির প্রধান চালিকাশক্তি আম শিল্পকে রক্ষা করতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। একই সঙ্গে জেলার মহাসড়ক আধুনিকায়ন এবং সোনামসজিদ পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
বক্তব্যের শেষাংশে অধ্যাপক শাহজাহান মিঞা আসন্ন নির্বাচনে আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত।
কানসাট ইউনিয়ন নির্বাচনী কমিটির আহ্বায়ক মাসুম রানা টমাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী (শহিদ মিয়া), শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসরাফুল আলম রশিদ, কানসাট ইউনিয়ন নির্বাচনী কমিটির সদস্য সচিব রুবেল আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা খাতুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
১২৬ বার পড়া হয়েছে