বাউফলে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২০
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালী-২ (বাউফল) আসনের চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারিয়া বাজার এলাকায় বিএনপি ও জামায়াতের পৃথক মিছিল মুখোমুখি হলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই উভয় দলের অন্তত ২০ জন আহত হন।
আহতদের প্রথমে ট্রলারযোগে চন্দ্রদ্বীপ থেকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তার পরিচয় জানা যায়নি।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন বাউফল সদর থেকে নদী ও সাগরবেষ্টিত একটি বিচ্ছিন্ন এলাকা। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এখানে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে প্রায়ই উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, এরই ধারাবাহিকতায় আজকের এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জামায়াত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করে বলেন, “আমার কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপির লোকজন হামলা চালায়। এতে আমার অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছেন।”
অন্যদিকে বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদার দাবি করেন, “জামায়াতের লোকজন আমার এক সমর্থককে কুপিয়ে আহত করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে এর বেশি কিছু বলতে চাই না।”
এদিকে আহতদের হাসপাতালে নেওয়ার পরপরই বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে বিএনপি ও জামায়াত সমর্থিত কর্মীরা জড়ো হলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হাসপাতাল চত্বরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
বাউফল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, “চন্দ্রদ্বীপে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।”
তবে ঘটনার পর পুরো এলাকায় এখনো চরম উত্তেজনা বিরাজ করছে।
১১০ বার পড়া হয়েছে