সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সকালে ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে রাজধানী ঢাকা। বিশ্বের ১১৬টি শহরের মধ্যে ২৫৫ এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর নিয়ে দূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে নগরটি। সকাল সোয়া ৮টার দিকে এই তথ্য জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার। এই মাত্রার বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার চারটি এলাকায় আজ বায়ুর মান অত্যন্ত ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। এলাকাগুলো হলো—মিরপুরের ইস্টার্ন হাউজিং (৪৮৫), নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড এলাকা (৩৫৪), ধানমন্ডি (৩২২) ও দক্ষিণ পল্লবী (৩০৮)। এসব স্থানে বাতাসের মান দুর্যোগপূর্ণ পর্যায়ের কাছাকাছি।
গত জানুয়ারি মাসজুড়েই বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষের দিকে ছিল ঢাকা। চলতি ফেব্রুয়ারিতেও একই চিত্র দেখা যাচ্ছে। যদিও ঢাকার বাইরে বিভিন্ন এলাকাতেও সাম্প্রতিক সময়ে দূষণের মাত্রা বাড়ছে, তবে নিয়ন্ত্রণমূলক উদ্যোগগুলো এখনো মূলত রাজধানীকেন্দ্রিক এবং সেগুলোর কার্যকর ফল দেখা যাচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের।
বিশ্ব তালিকায় দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার AQI স্কোর ২২৩।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুদূষণের প্রধান উৎসগুলো—যানবাহন ও শিল্পকারখানার ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালু, খোলা জায়গায় বিভিন্ন বস্তু পোড়ানো এবং ইটভাটা—যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে না। উপমহাদেশীয় দূষিত বায়ুপ্রবাহের চেয়ে স্থানীয় উৎসগুলোর প্রভাবই এখন বেশি।
নগরবাসীর সুরক্ষায় আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। খোলা জায়গায় ব্যায়াম এড়িয়ে চলতে এবং ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখতে বলা হয়েছে।
দেশে বায়ুদূষণ মোকাবিলায় নানা প্রকল্প ও উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকেই যাচ্ছে—এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।
১২৯ বার পড়া হয়েছে