নারীর অধিকার ও তরুণদের কর্মসংস্থান নিশ্চিতের অঙ্গীকার জামায়াতের
বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদান করেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জনসভায় তিনি বলেন, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হলে নারীদের প্রকৃত অধিকার ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীরা যেন সম্মানের সঙ্গে সমাজে চলাফেরা করতে পারে এবং তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, তা জামায়াত পূর্ণভাবে নিশ্চিত করবে।
ডা. শফিকুর রহমানের চাঁপাইনবাবগঞ্জ সফর নওগাঁর জনসভা শেষ করার পর শুরু হয়। দুপুর ১টার দিকে তিনি চাঁপাইনবাবগঞ্জে পৌঁছালে জেলা জামায়াতের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
জনসভায় তিনি চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার ঘোষণা দেন। তিনি বলেন, পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ, নদী ভাঙন রোধ এবং কৃষি সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া, চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরী ফসল আমের নায্যমূল্য নিশ্চিত করতে জেলায় আধুনিক আম সংরক্ষণাগার (কোল্ড স্টোরেজ) স্থাপন এবং বিদেশে রপ্তানির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সামগ্রিকভাবে উত্তরবঙ্গকে বাংলাদেশের ‘কৃষিশিল্পের রাজধানী’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।
তরুণ প্রজন্মের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা কেবল বেকার ভাতা বিতরণ করে তরুণদের অপমান করতে চাই না। বরং প্রতিটি তরুণের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, যাতে তারা আত্মমর্যাদার সঙ্গে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। বেকার ভাতা কোনো স্থায়ী সমাধান নয়, বরং এটি তরুণদের সক্ষমতাকে অবমূল্যায়ন করে।” তিনি আরও জানান, জামায়াত ক্ষমতায় এলে কারিগরি ও মেধাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণে অগ্রাধিকার দেওয়া হবে।
জনসভা শেষে ডা. শফিকুর রহমান রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি আরও একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। আজকের সভায় জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
১৫০ বার পড়া হয়েছে