মাজারে হামলা-ভাঙচুরের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
শনিবার, ২৩ মে, ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তরিকতপন্থী মুসলমানরা। একই সঙ্গে সুলতানুল আউলিয়া শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজার শরীফে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ১১টায় পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বাংলাদেশ সুপ্রিম পার্টি পঞ্চগড়ের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার তরিকতপন্থী মুসলমানরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাজার শরীফ মুসলিম উম্মাহর ধর্মীয় আবেগ ও শ্রদ্ধার অন্যতম প্রতীক। এসব স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে। তারা অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং মাজারের পবিত্রতা রক্ষায় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সদস্য আবু সালেহ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল ওয়াদুদ বদশা, জাকির হোসাইন, রমজান আলী ও ফারুক হোসেনসহ আরও অনেকে।
কর্মসূচি শেষে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এবং ধর্মবিষয়ক মন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
পরে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও ধর্মবিষয় মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
১০৫ বার পড়া হয়েছে