চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত, স্বাস্থ্যখাতে প্রযুক্তির ব্যবহারে জোর
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৭:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা।
আলোচনা সভার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান।
সভায় জানানো হয়, ১৯৪৮ সাল থেকে প্রতি বছর ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়ে আসছে। বর্তমান সময়ে স্বাস্থ্যসেবায় বিজ্ঞানের গুরুত্ব দিন দিন বাড়ছে এবং প্রযুক্তির ব্যবহারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যখাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ বলেন, স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। নিরাপদ পানি, পুষ্টিকর খাদ্য ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের মাধ্যমে একটি সুস্থ জাতি গঠন সম্ভব। তিনি প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, চিকিৎসা সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সূক্ষ্ম ও উন্নত চিকিৎসা প্রদান সম্ভব হচ্ছে, যা স্বাস্থ্যখাতকে আরও এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা বলেন, বাজেট ও জনবলের সীমাবদ্ধতার কারণে এখনো স্বাস্থ্যসেবা প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। একটি গবেষণার তথ্য তুলে ধরে তিনি জানান, দেশে প্রতি এক হাজার মানুষের বিপরীতে চিকিৎসকের সংখ্যা মাত্র ০.৩ জন। তবে ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি পেলে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার সাহা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. শামীমা ইয়াসমিন, নার্সিং সুপারভাইজার রেহানা পারভীনসহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নার্স ও গণমাধ্যমকর্মীরা।
১২০ বার পড়া হয়েছে