সর্বশেষ

জাতীয়

এপ্রিলজুড়ে তাপপ্রবাহের আশঙ্কা, মাঝেমধ্যে বৃষ্টির ইঙ্গিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৫:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের বিভিন্ন অঞ্চলে এপ্রিলের শুরু থেকেই মৃদু তাপপ্রবাহ দেখা দিয়েছে। গতকাল দেশের অন্তত ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহও হতে পারে, যদিও ২০২৪ সালের মতো দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের সম্ভাবনা কম।

শনিবারও দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে শরীয়তপুরসহ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে এবং রাজধানীর আশপাশের এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সাময়িক স্বস্তি আনতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা যায়, গতকাল রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলায় তাপপ্রবাহ ছিল। এর সঙ্গে ঢাকা বিভাগসহ আরও ৯টি জেলা যুক্ত হয়ে মোট ২৭ জেলায় এই তাপপ্রবাহ বিস্তৃত হয়। ঢাকা ছাড়া অন্য জেলাগুলো হলো ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী।

তাপমাত্রার ভিত্তিতে তাপপ্রবাহের মাত্রা নির্ধারণ করা হয়। কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি হলে তীব্র এবং ৪২ ডিগ্রির বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় বেশি।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, রোববার থেকে দেশের কিছু এলাকায় ঝড়বৃষ্টি শুরু হতে পারে, যা তাপপ্রবাহ সাময়িকভাবে কমাতে সহায়ক হবে।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, এপ্রিল মাসে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও গরমের তীব্রতা বেশি অনুভূত হতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল, ঢাকা, সিলেট ও বরিশাল অঞ্চলে তাপপ্রবাহের প্রভাব বেশি থাকতে পারে।

তিনি আরও জানান, চলতি মাসে একাধিক বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমলেও পুনরায় গরম বাড়তে পারে। ফলে দীর্ঘ সময় ধরে টানা তাপপ্রবাহ থাকার আশঙ্কা কম।

পূর্বাভাস অনুযায়ী, এপ্রিল মাসে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি এবং ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া সাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশে টানা ৩৫ দিনের তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছিল, যা ছিল গত ৭৬ বছরের মধ্যে দীর্ঘতম। তবে চলতি বছর সে ধরনের পরিস্থিতি পুনরাবৃত্তির সম্ভাবনা কম বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন