বরিশালে বাড়ছে হাম সংক্রমণ, তিন মাসে ৭ শিশুর মৃত্যু
বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ১:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের অন্যান্য অঞ্চলের মতো বরিশাল বিভাগেও উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা।
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ - এই তিন মাসে বিভাগটিতে হাম আক্রান্ত হয়ে অন্তত ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে শতাধিক শিশু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য বিভাগ উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাপনার দুর্বলতা নিয়ে অভিযোগ তুলছেন রোগীদের স্বজনরা।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত বিভাগে ২০৬ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে ৭৭ জন চিকিৎসাধীন রয়েছেন। ছয় জেলার মধ্যে ভোলা জেলায় টিকার সংকট থাকলেও বাকি পাঁচ জেলায় পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি রোগী ভর্তি রয়েছে। ৪১ শয্যার এই ওয়ার্ডে বর্তমানে প্রায় ৪০০ শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১০৮ বার পড়া হয়েছে