চাঁপাইনবাবগঞ্জে হাম: ৭৭ শিশু আইসোলেশনে, ৪ শিশুর মৃত্যু
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে হাম বা মেজলস রোগে আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
গত তিন মাসে জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯৩ শিশু ভর্তি হয়েছে, যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় চার শিশুর মৃত্যু হয়েছে।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে এখানে ৭৭ জন শিশু আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. রেজাউল করিম জানান, “জানুয়ারি থেকে আমরা কিছু সাসপেক্টেড মেজলস রোগী পাচ্ছি। এটি অত্যন্ত ছোঁয়াচে রোগ হওয়ায় আইসোলেশন জরুরি। অনেক শিশুর হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া ও চোখের সমস্যা দেখা দিচ্ছে।”
চিকিৎসার বিষয়ে তিনি আরও জানান, গাইডলাইন অনুযায়ী ভিটামিন-এ ক্যাপসুলসহ প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে। তবে জনবল সংকটের কারণে গুরুতর শিশুদের রাজশাহীতে রেফার্ড করতে হচ্ছে।
ডা. রেজাউল করিমের মতে, আক্রান্ত শিশুদের বড় অংশই টিকার আওতার বাইরে ছিল। তিনি বলেন, “অনেক শিশু এক ডোজ টিকা নিয়েছে, কিন্তু দ্বিতীয় ডোজ নেনি। আবার দুর্গম এলাকা ও ইনজেকশন ফোবিয়ার কারণে কেউ কেউ পুরোপুরি টিকা থেকে বাদ পড়েছে। এছাড়া ৯ মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে, যারা এখনো ইপিআই শিডিউল অনুযায়ী টিকার আওতায় আসেনি।”
স্বাস্থ্য বিভাগ থেকে রুট লেভেলে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
১০৬ বার পড়া হয়েছে