গোপালগঞ্জে বিয়ের প্রলোভনে নারী ধর্ষণের অভিযোগ
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৬:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকর্মচারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনকে আসামী করে কাশিয়ানী আদালতে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি নথিভুক্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
ঘটনা ঘটে কাশিয়ানী উপজেলার গোপালপুর বাজারের কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। অভিযুক্তরা হলেন— হোটেলটির মালিক মজনু মোল্যা (৪০) এবং পোনা গ্রামের রাকিব মোল্যা (৩৩)। রাকিব মোল্যা হোটেল মালিক মজনুর বোনের স্বামী।
মামলার এজাহারে বলা হয়েছে, রাকিব ও ভুক্তভোগী নারী উভয়ই হোটেলে কর্মরত ছিলেন। রাকিব বিয়ের প্রলোভন দেখিয়ে নারীর কাছে অনৈতিক প্রস্তাব দেন। নারী রাজি না হওয়ায় তিনি সুযোগ খুঁজতে থাকেন। পরে ১৪ মার্চ রুম পরিস্কার করার কথা বলে রাকিব নারীকে হোটেলের একটি নির্জন কক্ষে নিয়ে যান, যেখানে মজনু মোল্যার সহযোগিতায় তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
ঘটনার পর নারী সামাজিক লজ্জা ও অপমানের ভয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় মজনু মোল্যা নিজেই তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে ‘পাকস্থলী পরিষ্কার’ (ওয়াশ) করানো হয়। পরে নারী আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সজীব সরদার জানান, রোববার (২৯ মার্চ) মামলা দায়ের করা হয়েছে। তারা আদালতের কাছে ন্যায়বিচারের আবেদন করেছেন। অভিযুক্ত মজনু ও রাকিব অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, আদালতের নির্দেশের কপি এখনও থানায় পৌঁছায়নি। কপি হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০৫ বার পড়া হয়েছে