সর্বশেষ

সারাদেশ

ইউরোপ যাওয়ার স্বপ্ন ভেঙে মৃত্যু:

গ্রিস উপকূলে ২২ বাংলাদেশির প্রাণহানি, সুনামগঞ্জের অন্তত ১২ জন শনাক্ত

জাকির হো‌সেন,সুনামগঞ্জ
জাকির হো‌সেন,সুনামগঞ্জ

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৭:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইউরোপ যাওয়ার আশায় লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা একটি নৌকায় অনাহার ও অসুস্থতায় ২২ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গ্রিস উপকূলের কাছে ঘটে যাওয়া এই ঘটনায় নিহতদের মধ্যে সুনামগঞ্জ জেলার অন্তত ১২ জনের পরিচয় নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

জানা গেছে, দালালচক্রের মাধ্যমে বিপদসংকুল সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। গত ২০ মার্চ প্রায় ৪৫ জনকে একটি ছোট নৌকায় তুলে দেওয়া হয়। এরপর ২১ মার্চের পর থেকে তাদের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। অবশেষে শনিবার বিকেলে স্বজনরা জানতে পারেন, তাদের প্রিয়জনরা আর বেঁচে নেই।

নিহতদের মধ্যে জগন্নাথপুর উপজেলার ৫ জন, দিরাই উপজেলার ৬ জন এবং দোয়ারাবাজার উপজেলার ১ জন রয়েছেন। দিরাই উপজেলার নিহতদের মধ্যে রয়েছেন তারাপাশা গ্রামের নুরুজ্জামান সর্দার (৩০), সাজিদুর রহমান (২৮), সাহান (২৫) এবং জাহানপুর গ্রামের মুজিবুর রহমান (৩৮)। জগন্নাথপুর উপজেলার নিহতদের মধ্যে রয়েছেন টিয়ারগাঁওয়ের শায়েখ আহমদ জয়, ইছগাঁওয়ের মো. আলী, পাইলগাঁওয়ের আমিনুর রহমান, বাউরী গ্রামের সোহানূর, চিলাউড়া গ্রামের নাইম ইসলাম ও ইজাজুল। এছাড়া দোয়ারাবাজার উপজেলার ফাহিম নামের একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত নাইম ইসলামের বাবা দুলন মিয়া জানান, ইউরোপে পাঠানোর আশায় জমি বিক্রি করে এবং সুদে টাকা এনে দালালকে প্রায় ১৬ লাখ টাকা দেন তিনি। সর্বশেষ ২১ মার্চ ছেলের সঙ্গে কথা হয়েছিল। এরপর বহুবার দালালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি। এখন অন্তত ছেলের মরদেহটি দেশে ফেরত আনার দাবি জানিয়েছেন তিনি।

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। স্বজন হারানোর বেদনায় ভেঙে পড়েছেন সবাই। স্থানীয়দের অভিযোগ, দালালচক্রের প্রলোভনে পড়ে এমন দুর্ঘটনা বারবার ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহিদুল ইসলাম বকুল এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, “প্রলোভন দেখিয়ে যারা মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া জানিয়েছেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং দালালচক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন