৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৩:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে জরুরি জ্বালানি চাহিদা মেটাতে দরপত্র বা প্রতিযোগিতা ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে মোট ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) অনলাইনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এটি ছিল ২০২৫-২৬ অর্থবছরের ২৯তম এবং ২০২৬ সালের ষষ্ঠ বৈঠক।
সভায় সভাপতিত্ব করেন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের জ্বালানি সরবরাহ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত দুটি প্রস্তাবের মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক বাজারে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া সুপারস্টার ইন্টারন্যাশনাল গ্রুপের কাছ থেকে একই পদ্ধতিতে আরও ২ লাখ মেট্রিক টন ইএন-৫৯০ মানের ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
১২৬ বার পড়া হয়েছে