সর্বশেষ

জাতীয়

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের ৫ দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের আবেদনের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, বুধবার গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে শেখ মামুন খালেদকে আটক করে ডিবি পুলিশ।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৩টা ২০ মিনিটে রাজধানীর মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র আন্দোলনের সমর্থনে অবস্থান করছিলেন দেলোয়ার হোসেন (৪০)। এ সময় এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ জন সশস্ত্র ব্যক্তি হামলা চালিয়ে নির্বিচারে গুলি করে বলে অভিযোগ করা হয়। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করে।

মামলার আবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে শেখ মামুন খালেদের সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক তদন্তে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ পাওয়া গেছে। ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

উল্লেখ্য, শেখ মামুন খালেদ ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি সংস্থাটির কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন এবং পরবর্তী সময়েও ওই পদে দায়িত্ব পালন করেন।

এর আগে গত বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শেখ মামুন খালেদ ও তাঁর স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। তাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদসংক্রান্ত অভিযোগে অনুসন্ধান চলছিল বলে জানিয়েছিল দুদক।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, শেখ মামুন খালেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চলছিল। এর মধ্যে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ, এক-এগারোর সময় তাঁর ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পসংক্রান্ত অনিয়মের বিষয়ও রয়েছে।

২৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন