বরিশালে ভূয়া ডায়াগনস্টিক দালালকে ছয় মাসের কারাদণ্ড
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশাল অফিস:
বরিশাল নগরীতে আটক এক ভূয়া ডায়াগনস্টিক সেন্টারের দালালকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে এগারোটার দিকে সদর রোড থেকে আটক মাসুম হাওলাদারকে আদালতে হাজির করলে বিচারক এ সাজা দেন।
বরিশাল কোতয়ালী মডেল থানা সূত্রে জানা গেছে, নগরীর নথুল্লাবাদ, লঞ্চঘাট ও রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় প্রায় অর্ধশত দালাল চক্র সক্রিয়। রিকশা ও অটো চালকরা অসুস্থ মানুষদের ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার নাম করে এই দালালদের হাতে তুলে দেয় এবং মোটা অঙ্কের কমিশন গ্রহণ করে। ভূয়া ডায়াগনস্টিকগুলো গ্রামীণ রোগীদের কাছ থেকে টেস্টের নাম করে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিত।
বৃহস্পতিবার সদর রোডস্থ বিবির পুকুর পারের সাউথ ইবনে সিনা ডায়াগনস্টিকের দালাল মাসুম হাওলাদারকে স্থানীয়রা প্রতারণার অভিযোগে আটক করে। পরে কোতয়ালী থানার এস আই রুহুল আমীন তাকে থানায় নিয়ে যান। সামারী ট্রায়ালে আদালত দালাল মাসুমকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
থানার একটি সূত্র জানায়, আটকের ঘটনায় সাক্ষী হিসেবে গ্রহনকারী আরও একজনকে পরবর্তীতে আরেক ডায়াগনস্টিকের দালাল হিসেবে শনাক্ত করা হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে