ভালুকায় বাসচাপায় নিহত ২, আহত ৩০
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি অটোরিকশার ওপর উঠে যাওয়ায় নারীসহ দুইজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টায় উপজেলার ক্লাবের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। আহতদের ভালুকা সরকারি হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত ও আহতদের নাম ঠিকানা এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা নালিতাবাড়ি পরিবহনের একটি ময়মনসিংহগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনের ব্যাটারি চালিত অটোরিকশা এবং সিএনজি অটোরিকশার ওপর উঠে যায়। ঘটনাস্থলেই একজন নারী মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে আরেক যাত্রী মারা যান।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, তারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার এসআই মোফাখখারুল ইসলাম জানান, দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছে। নিহতদের লাশ থানায় রাখা হয়েছে এবং তাদের পরিচয় এখনো জানা যায়নি।
১২২ বার পড়া হয়েছে