চাঁদপুরের বিএনপি নেতা জিএম ফজলুল হক আর নেই
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৭:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ জিএম ফজলুল হক ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
মরহুমের বড় ছেলে ব্যারিস্টার জিয়াউল হক (জিকু) মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত জিএম ফজলুল হক দেশ-বিদেশে চিকিৎসাধীন ছিলেন।
জিএম ফজলুল হক চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের গাজি বাড়ির মিছির আলী গাজীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। পরিবারসহ তিনি ঢাকায় বসবাস করতেন।
মরহুমের প্রথম জানাজা বুধবার (১৮ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টায় চাঁদপুর বাবুরহাট কলেজ মাঠে, এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
রাজনৈতিক ক্যারিয়ারে জিএম ফজলুল হক বিএনপি থেকে মনোনীত হয়ে চাঁদপুর-৩ আসনে ১৯৯৬ সালের ৭ম এবং ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন। ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপু মনির কাছে পরাজিত হন।
সংসদ সদস্য থাকাকালীন তিনি জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন।
মরহুমের মৃত্যুতে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিক সহ জেলা বিএনপির নেতারা শোক প্রকাশ করেছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবি সংগঠন মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
১২৫ বার পড়া হয়েছে