গোপালগঞ্জে লাখো কণ্ঠে শ্রীশ্রী হরিলীলামৃত পাঠে জমজমাট জন্মজয়ন্তি উৎসব
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৯:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দিতে পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তি উপলক্ষে সোমবার (১৬ মার্চ) রাতে আয়োজিত হয়েছে লক্ষ কণ্ঠে শ্রীশ্রী হরিলীলামৃত পাঠ।
রাত ১০টা ১ মিনিটে শুরু হওয়া এই বিশেষ অনুষ্ঠানটি হরিবোল, শঙ্খ ও উলুর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
ভক্তরা শ্রীধাম ওড়াকান্দিতে এবং আশেপাশের বিশ্রামস্থল থেকে অবস্থান নিয়ে সমবেত কণ্ঠে পাঠ করেন। আয়োজনের জন্য ব্যাপকভাবে মাইকের মাধ্যমে সবাইকে যথাযথ অবস্থানে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
অংশগ্রহণকারী পঙ্কজ সরকার বলেন, “হরিচাঁদ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে আত্মশুদ্ধি ও বিশ্বমানবতার মঙ্গলের জন্য অংশ নিয়েছি। লক্ষ কণ্ঠে পাঠ অনুষ্ঠানে অংশ নেওয়ায় এটি আরও বিশেষ মাত্রা পেয়েছে।” অন্য অংশগ্রহণকারী মনিষা রায় যোগ করেন, “পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর মানুষের পথ প্রদর্শক ছিলেন। তাই প্রতিবছর লাখ লাখ মতুয়া ভক্ত এখানে অংশ নেন।”
ভক্ত বিশ্রামস্থলের উদ্যোক্তা গৌরাঙ্গ মন্ডল বলেন, “অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। লক্ষ কণ্ঠে এই পাঠের মাধ্যমে মতুয়া দর্শনের ভ্রাতৃত্ববোধ ও অহিংসার বাণী ছড়িয়ে দেওয়াই মূল উদ্দেশ্য।” আর অনুষ্ঠানটির উদ্যোক্তা রতন মন্ডল জানান, “মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়ায় আমরা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এটি মতুয়া সম্প্রদায়ের মধ্যে ইতিহাস সৃষ্টি করেছে।”
প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকে লাখ লাখ ভক্ত এই জন্মজয়ন্তিতে সমবেত হন।
১০৬ বার পড়া হয়েছে