পটুয়াখালীর কলাপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১২:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ার চুঙ্গাপাশা গ্রামে রবিবার রাত ১০টার দিকে এক যুবদল নেতা বশার খান (৪২) কে দুর্বৃত্তরা কুপিয়ে ও এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে।
বশার চাকামইয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের যুবদল সম্পাদক এবং তার পিতা মৃত কালু খান।
স্থানীয় সূত্র জানায়, তারাবি নামাজ শেষে বাড়ি ফিরছিলেন বশার। পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথার উপরিভাগে কোপ দেয়। এতে তার মাথার তালু সহ হাড় কেটে গুরুতর জখম হয়। পাশাপাশি দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করে এবং ডান পায়ের হাঁটুর নিচে লোহার রড দিয়ে পা গুড়িয়ে দেয়।
স্থানীয়রা তার আর্ত চিৎকার শুনে তাকে উদ্ধার করে দ্রুত কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, রোগীর অবস্থা শঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে প্রেরণ করা হয়েছে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত এবং ডান পায়ের নিচে হাড় ভাঙা জখম রয়েছে।
জায়েদা বশার, আহত যুবদলের নেতার স্ত্রী, জানান, কয়েক দিন আগে তার স্বামীর জমি-জমার নিয়ে স্থানীয় কাওসার মৃধা ও জাকির মৃধার সাথে বিরোধের সৃষ্টি হয়েছিল। তবে স্থানীয় সূত্র বলছে, যুবদল অভ্যন্তরীণ কোন্দল ও রাজনৈতিক বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।
কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, তিনি বিষয়টি অবগত হয়েছেন। এ পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ দাখিল করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
১২৪ বার পড়া হয়েছে