কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদযাপন
শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালী জেলার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে শনিবার আন্ধারমানিক নদীতে কাগজের নৌকা ভাসিয়ে নদীর দখল ও দূষণের প্রতিবাদ জানানো হয়েছে।
দিবসটি উদযাপন করা হয় পৌর শহরের হেলিপ্যাড মাঠ সংলগ্ন আন্ধারমানিক নদীর তীরে বিশেষ আয়োজনের মাধ্যমে।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের আয়োজনে “নদী বাঁচাও, দেশ বাঁচাও” প্রতিপাদ্য বিষয় নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়।
ধরা-এর আঞ্চলিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন মাননু, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জী, পরিবেশ সংগঠক কামাল হাসান রনি এবং পরিবেশ বাঁচাও আন্দোলনের কলাপাড়ার সমন্বয়ক নজরুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বক্তারা উল্লেখ করেন, দুই যুগ আগে আন্ধারমানিকসহ জেলার নদীগুলোতে শত শত নৌকা ভাসত এবং প্রচুর মাছ ধরা যেত। কিন্তু বর্তমানে নদীগুলোতে সেই প্রাকৃতিক দৃশ্য আর দেখা যায় না। তাই প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে কাগজের নৌকা ভাসিয়ে তারা নদীর দখল ও দূষণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করেছেন।
অনুষ্ঠানে বক্তারা আন্ধারমানিক সহ জেলার সকল নদীর দখলকারীদের নাম প্রকাশ, উচ্ছেদ অভিযান পরিচালনা এবং নদীগুলো খননের দাবি জানান।
১২৪ বার পড়া হয়েছে