সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ৪:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, “আমরা পত্রিকা পড়ি কাগজ দেখার জন্য নয়, সাংবাদিকদের লেখা দেখার জন্য। আপনারা যেন সবসময় নেগেটিভ না লিখেন, পজিটিভ লিখলে জাতিকে ভালো কাজে উৎসাহিত করা সম্ভব।”
তিনি এই মন্তব্য করেন শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে মনোহরদী প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে।
মন্ত্রী আরও বলেন, “যদি আমার বা আপনার কোনো কাজের কারণে সরকারের ওপর বদনাম আসে বা সাংবাদিকদের লেখার সুযোগ হয়, মনে রাখবেন, আমাকে যেমন আমার প্রধানমন্ত্রী ছাড়বেন না, আপনাদেরকেও আমি ছাড়বো না। অন্যায় বা সমাজবিরোধী কাজ কেউ করলে তাকে আইনের আওতায় আনা হবে।”
তিনি যোগ করেন, “আজ থেকে দুই বছর আগে সরকারের কার্যক্রম ও বর্তমান সরকারের কার্যক্রমে অনেক পার্থক্য রয়েছে। বর্তমান তরুণ প্রজন্ম, সাংবাদিক, বুদ্ধিজীবী ও বিরোধী দল আমাদের কর্মকাণ্ড নজরদারি করছে। সমাজ এখন দুর্নীতির বিরুদ্ধে, সমাজ ভালো কাজ দেখতে চায়। কাজেই আমাদের কাজের স্বচ্ছতা এবং সততা নিশ্চিত করতে হবে।”
মন্ত্রী আরও বলেন, “আমাদের কোনো কাজ যেন সরকারের মর্যাদা ক্ষুণ্ণ না করে। সরকারের প্রতি প্রশ্নবিদ্ধ না হতে সতর্ক থাকতে হবে। সরকারের কাজকে ৫ বছর সফলভাবে চালিয়ে নেওয়াই আমাদের সার্থকতা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী প্রেস ক্লাব সভাপতি হারুন অর রশিদ, এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া, মনোহরদী থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন ও মনোহরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন বর্মণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরু ইসলাম, সাবেক সহসভাপতি বিশ্বজিৎ সাহা, সহসভাপতি কাজী আনোয়ার কামাল, সদস্য শ্যামল মিত্র, মনোহরদী পৌর বিএনপির আহবায়ক বদরুল ইসলাম মোল্লা বাবুল, সদস্য সচিব মো. হান্নান মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, মনোহরদী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, মুহা. ইসমাইল হোসাইন খানসহ বীর মুক্তিযোদ্ধা, প্রশাসন, রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
১২৩ বার পড়া হয়েছে