১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ৩:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “বিগত ১৭ বছরের জঞ্জাল, আবর্জনা ও বর্জ্য আমাদের পরিষ্কার করতে হবে।
যেহেতু আমরা বর্তমানে নির্বাচিত সরকারে আছি, তাই আমরা তারেক রহমানের নেতৃত্বে সকল ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করে নদী ও খাল দখলমুক্ত করব। জনগণের স্বার্থে জনগণের পাশে থেকে দেশপ্রেমিক সরকার হিসেবে প্রতিষ্ঠা পেতে আমরা সকলের সহযোগিতা চাই।”
শুক্রবার সকালে মন্ত্রী লক্ষ্মীপুরের রহমতখালী ও ওয়াপদা খাল পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন স্থানে খাল ও নদী দখল ও দূষণের কারণে বর্ষায় স্থায়ী জলাবদ্ধতায় জনদূর্ভোগ বাড়ে। শুষ্ক মৌসুমে সেচ ও সবজি চাষে পানির অভাবে কৃষকরা বিপাকে পড়েন।
মন্ত্রী বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময়ে এসব সমস্যা বিবেচনা করে খাল খনন করেছিলেন। ফলস্বরূপ, কৃষি উৎপাদন ও মাছ চাষ বৃদ্ধি পেয়েছে এবং দেশের মানুষ সুফল ভোগ করেছেন। আমরা আবার সেই কর্মসূচি হাতে নিয়েছি এবং সকলের সহযোগিতায় সফল হওয়ার আশা করছি।
এ সময় উপস্থিত ছিলেন মহা পরিচালক মোহাম্মদ এনায়েত উল্যাহ, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।
১২৩ বার পড়া হয়েছে