চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ২:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বাবুরহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মৃত মুরগি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মেসার্স ভূইয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চর্বিতে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে খান গোস্তের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে বিদেশি কসমেটিকস পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় ফাতেমা ফ্যাশনকে ৩ হাজার টাকা এবং একই অপরাধে আখি কসমেটিকসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এসব জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে। এ সময় মৃত মুরগি ও রক্ত মেশানো মাংসের চর্বি ধ্বংস করা হয়।
অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করে জনসচেতনতা সৃষ্টি করা হয়।
অভিযানে সদর স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
১০৪ বার পড়া হয়েছে