রাজশাহীতে লাইসেন্সবিহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ২:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী মহানগরীতে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই বেকারি পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে বিএসটিআইয়ের গুণগত মান সনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি করার অভিযোগে ‘মেসার্স ন্যাশনাল বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের বিষয়টিও ধরা পড়ে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহরীন তাবাসসুম তিথী। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই কর্মকর্তারা জানান, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ ও মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
১০৭ বার পড়া হয়েছে