ফরিদপুরের চকবাজারে জমজমাট ফুটপাতের পাঞ্জাবির বাজার
বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ১:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ফরিদপুর শহরের চকবাজার মসজিদের পার্শ্ববর্তী সড়কে জমে উঠেছে ফুটপাতের পাঞ্জাবির অস্থায়ী বাজার।
স্বল্প দামে নানা ধরনের পাঞ্জাবি পাওয়া যাওয়ায় ক্রেতাদের ভিড়ও বাড়ছে দিন দিন।
সরেজমিনে দেখা যায়, ওই এলাকায় প্রায় ৩০ থেকে ৪০টি অস্থায়ী দোকান বসিয়ে বিক্রি করা হচ্ছে বিভিন্ন রঙ ও ডিজাইনের পাঞ্জাবি। এসব পাঞ্জাবির দাম সর্বনিম্ন ৩০০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৯০০ টাকার মধ্যে রয়েছে।
পাঞ্জাবির পাশাপাশি ফুটপাতের এসব দোকানে ১০০ টাকার মধ্যে শার্ট এবং ২৫০ থেকে ৮০০ টাকার মধ্যে জুতা ও স্যান্ডেল বিক্রি করতে দেখা গেছে।
বিক্রেতারা জানান, সাধারণ মানুষের সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা সহজ করতে তারা এ ধরনের দোকান বসিয়েছেন। শুরুতে বেচাকেনা কিছুটা কম থাকলেও এখন ক্রেতাদের উপস্থিতি বাড়তে শুরু করেছে।
ক্রেতাদের অনেকেই জানান, বাজারের দোকানের তুলনায় এখানে কম দামে তুলনামূলক ভালো মানের পাঞ্জাবি পাওয়া যায়। তাই অনেকেই ফুটপাতের দোকান থেকেই ঈদের কেনাকাটা সারছেন।
দোকানিরা আরও জানান, প্রতিদিন বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্রেতাদের ভিড় সবচেয়ে বেশি থাকে। ঈদের চাঁদ রাত পর্যন্ত এ বেচাকেনা চলবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
১০৬ বার পড়া হয়েছে