মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন, সচেতনতা মহড়া অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৯:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন প্রাঙ্গণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবির, উপসহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুহাম্মদ সফিকুল ইসলাম এবং জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
অনুষ্ঠানের শুরুতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় নিয়ে একটি বাস্তবধর্মী মহড়া পরিচালনা করা হয়। মহড়ায় দেখানো হয় কীভাবে ভূমিকম্পের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া যায়, ভবন থেকে সুশৃঙ্খলভাবে বের হয়ে খোলা স্থানে সমবেত হওয়া, আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা যায়। পাশাপাশি অগ্নিকাণ্ডের সময় অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার, উদ্ধার কার্যক্রম এবং জরুরি সেবা সমন্বয় প্রদর্শন করা হয়।
মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। তারা উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও জরুরি সেবা প্রদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
সভাপতি জেলা প্রশাসক মুন্সীগঞ্জে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, জনসচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। সভা শেষে সবাইকে দুর্যোগ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
১৩৯ বার পড়া হয়েছে