কুয়াকাটায় মৎস্যজীবী নেতার ইয়াবা সেবন ভিডিও ভাইরাল
সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় পৌর মৎস্যজীবী দলের এক নেতার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে কুয়াকাটা পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবু সালের ইয়াবা সেবন করছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সালে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। এর আগেও পর্যটককে মারধর করে হোটেল থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল।
মহিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) সকালে কুয়াকাটা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের একটি আবাসিক হোটেল বেঙ্গল গেস্ট হাউস-এর একটি কক্ষে ইয়াবা সেবনের সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই আবু সাল হোটেল থেকে পালিয়ে যান।
কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আলী হায়দার শেখ জানান, হোটেল বেঙ্গল গেস্ট হাউসে বিভিন্ন সময় নারী ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে আবু সালের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে সোমবার সকালে তিনি হোটেলে গিয়ে তাকে হাতেনাতে ধরার চেষ্টা করেন। এ সময় আবু সাল অগোছালো অবস্থায় ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যান।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত হোসেন বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ হোটেল বেঙ্গল গেস্ট হাউসে অভিযান চালায়। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া হোটেলের দুটি আলাদা কক্ষ থেকে এক ছেলে ও এক মেয়ে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
কুয়াকাটা পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবু সালের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে, জেলা মৎস্যজীবী দলের সভাপতি শাহীন-এর সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
১৩৮ বার পড়া হয়েছে