জাফলংয়ের জিরো পয়েন্টে 'কুদ্দুস সিন্ডিকেট'র অবৈধ স্থাপনা উচ্ছেদ
সোমবার, ৯ মার্চ, ২০২৬ ৮:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ের জিরো পয়েন্টে প্রকৃতি আড়াল ও পার্কিংয়ের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৯ মার্চ) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পরিচালিত এক যৌথ অভিযানে ১২টি অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এর মাধ্যমে সরকারের ১ নম্বর খাস খতিয়ানের মূল্যবান জমি দখলমুক্ত করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। অভিযানে বিজিবি সংগ্রাম ক্যাম্পের সদস্য এবং গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তি দীর্ঘ দিন ধরে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় জেলা প্রশাসকের নামে রেকর্ডীয় খাস জমি দখল করে অবৈধ দোকানপাট নির্মাণ করেন।
এগুলো স্থাপনার কারণে পর্যটকদের যাতায়াত বিঘ্নিত হওয়ার পাশাপাশি প্রকৃতির সৌন্দর্যও ঢাকা পড়েছিল। সম্প্রতি ‘জাফলংয়ে মাওলানা কুদ্দুস সিন্ডিকেটের রাজত্ব’ এবং ‘কুদ্দুস বাহিনীর দাপট’ শিরোনামে এইমাত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বলেন, অবৈধভাবে গড়ে তোলা দোকানপাটের কারণে জাফলংয়ের প্রকৃতি দেখা এবং পর্যটকদের চলাচল কঠিন হয়ে পড়েছিল।
তিনি আরও বলেন, জাফলংকে তার আগের রূপে ফিরিয়ে আনতে এবং পর্যটকদের ভোগান্তি লাঘবে এই উচ্ছেদ চালানো হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে দখলবাজ কুদ্দুস ও তার বাহিনী সটকে পড়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, পর্যটন কেন্দ্র ও জাফলং রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
দখলমুক্ত হওয়া স্থানে পুনরায় যাতে কেউ বসতে না পারে, সে জন্য প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
১৩৫ বার পড়া হয়েছে