সাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৪:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের ক্রিকেটাঙ্গনে আবারও সাকিব আল হাসানকে দেখা যেতে পারে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিসিবির পরিচালক ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এবং দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
তিনি বলেন, সাকিবের মাঠে ফেরাকে ঘিরে যে আইনগত জটিলতা তৈরি হয়েছিল, তা সমাধানে ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যৌথভাবে কাজ করছে।
বুধবার (৪ মার্চ) বিকেলে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘ইয়াং টাইগার্স’ অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আসিফ আকবর বলেন, “সাকিবের বিষয়টি বিসিবি গুরুত্বের সঙ্গে দেখছে। বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রক্রিয়া ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিসিবির লিগ্যাল এইড টিম মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাচ্ছে। খুব দ্রুততম সময়ের মধ্যেই দেশের ক্রিকেটে সাকিবকে দেখা যাবে।”
কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন নিয়েও কথা বলেন তিনি।
আসিফ আকবর জানান, স্টেডিয়াম ঘিরে এমিউজমেন্ট পার্ক এবং তারকা মানের হোটেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া গ্যালারি সম্প্রসারণসহ বেশ কিছু কাজ এখনো বাকি। বর্তমানে নিয়মিত ম্যাচ আয়োজন করা হলেও আন্তর্জাতিক বা বড় মাপের টুর্নামেন্ট আয়োজনের মতো পূর্ণাঙ্গ সুবিধা এখনো তৈরি হয়নি।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের অপারেশন হেড, জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং জাতীয় দলের নির্বাচক মেহরাব হোসেন অপি, আনোয়ার হোসেন, নাদিফ চৌধুরী, এছাড়াও কক্সবাজারের বিসিবি কাউন্সিলর সালাউদ্দিনসহ সংশ্লিষ্টরা।
১৬০ বার পড়া হয়েছে