ফরিদপুরে আগুনে দরিদ্র পরিবারের বসতঘর পুড়ে ছাই, সম্পূর্ণ ক্ষয়ক্ষতি
সোমবার, ২ মার্চ, ২০২৬ ৫:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন পূর্বপাড়া গ্রামে ভয়াবহ আগুনে এক দরিদ্র পরিবারের বসতঘর ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
রবিবার (১ মার্চ) রাত প্রায় ১০টার দিকে দিনমজুর মো. মিঠু শেখের বসতঘরে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের অন্ধকারে হঠাৎ আগুনের শিখা দেখা দিলে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরে। দাহ্য উপকরণ থাকার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
দুর্ঘটনায় একটি গরু, একটি গাভী ও দুটি ছাগল মারা যায়। এছাড়া ঘরে সংরক্ষিত পেঁয়াজ, রসুন, ধান ও চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও সম্পূর্ণ নষ্ট হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ধরা হচ্ছে।
আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে সবকিছু পুড়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি মানবেতর জীবনযাপন করছে এবং মাথা গোঁজার ঠাঁই ও খাদ্য সংকটে পড়েছে।
সোমবার (২ মার্চ) দুপুরে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলীমুজ্জামান, জেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি নওসের আলী চৌধুরীসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা দ্রুত সরকারি সহায়তা এবং পুনর্বাসনের দাবি জানান। সচেতন মহলও ঘরে আগুন ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, যাতে এ ধরনের দুর্ঘটনা পুনরায় না ঘটে।
১০৫ বার পড়া হয়েছে