রংপুরে ক্যাবল ওয়ান অফিসে হামলার মূল আসামি গ্রেফতার
সোমবার, ২ মার্চ, ২০২৬ ৫:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
রংপুরে ক্যাবল ওয়ান কার্যালয়ে হামলা: জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক গ্রেফতার
রংপুর নগরীতে ক্যাবল অপারেটর ক্যাবল ওয়ান কার্যালয়ে হামলা, ভাংচুর ও তাণ্ডবের ঘটনায় প্রধান আসামী জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিবকে সোমবার বিকেলে নগরীর কামাল কাছনা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর র্যাব ১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
জানা গেছে, রংপুর নগরীর কামাল কাছনা এলাকায় ক্যাবল ওয়ানের ডিশের লাইন কেটে দেয়ায় ওই এলাকায় সব টেলিভিশনের সম্প্রচার বন্ধ রয়েছে। ওই ফিডারের লাইন চালাতো স্থানীয় এক যুবক। ওই ফিডারের লাইন যুবদল নেতা গালিবকে দেবার জন্য ক্যাবল ওয়ান কর্তৃপক্ষকে বেশ কয়েকদিন ধরে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। কর্তৃপক্ষ রাজি না হওয়ায় রোববার দুপুর ২টার দিকে রংপুর প্রেসক্লাব ভবনের উল্টো দিকে যুবদল নেতা মনু ও গালিবের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক ক্যাবল ওয়ান কার্যালয়ে এসে তাণ্ডব চালায়।
যুবদল নেতা মনু রোববার রাতের মধ্যে গালিবের নামে ফিডার না দিলে ক্যাবল ওয়ানের জিএম কাফির বাসায় গিয়ে বেডরুমে ঢুকে তাকে সহ পুরো পরিবারকে গুলি করে হত্যা করার হুমকি দেয়। এ সময় এক কর্মকর্তাকে মারধর করা হয় এবং ল্যাপটপসহ মালামাল ভাঙচুর করা হয়।
এ ঘটনায় ক্যাবল অপারেটর ক্যাবল ওয়ানের জিএম রায়হান আহমেদ পরাগ বাদী হয়ে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানায় সোমবার দুপুরে জেলা যুবদলের সহ-সম্পাদক তামজিদুর রশিদ গালিবকে প্রধান আসামী ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনুর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার নম্বর ২, তারিখ ২.৩.২৬, ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৪২৭/৫০৬/১১৪ দণ্ডবিধি।
র্যাব জানায়, মামলা দায়েরের মাত্র ৩ ঘন্টার মধ্যে র্যাব ১৩ রংপুরের একটি চৌকস আভিযানিক দল সোমবার বিকেল সোয়া ৫টার দিকে কামাল কাছনা এলাকায় অভিযান চালিয়ে আসামী গালিবকে গ্রেফতার করে। তার বাবার নাম মৃত রশিদুল মজিদ, বাড়ি নগরীর কামাল কাছনা এলাকায়।
র্যাব ১৩ রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, আসামীকে মেট্রোপলিটান কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে ক্যাবল অপারেটর ক্যাবল ওয়ান কার্যালয়ে হামলা ও তাণ্ডবের ঘটনার সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রংপুরসহ সারা দেশে তোলপাড় শুরু হয়। রোববার গভীর রাতে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযুক্ত দুই যুবদল নেতা মনু ও গালিবকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানানো হয়েছে।
১০৪ বার পড়া হয়েছে