চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২৩ গ্রাম হিরোইনসহ আটক ১
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৩ গ্রাম হিরোইন ও একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে উপজেলার রহনপুর বিওপির অধীন বোয়ালিয়া কাউন্সিল বাজার সংলগ্ন পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)’র টহল কমান্ডার সুবেদার মো. আব্দুস সালাম মন্ডলের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানকালে ২৩ গ্রাম হিরোইন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয় এবং মো. নাঈম ইসলাম (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী মধ্যবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত হিরোইন ও মোটরসাইকেল পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রম জোরদারে বিজিবি নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
১২০ বার পড়া হয়েছে