১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন : ডা. এ জেড এম জাহিদ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
সমাজকল্যাণ এবং শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ জানিয়েছেন, আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের পাইলটিং প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ কার্যক্রম বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতি বা অপপ্রচার সহ্য করা হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।
মন্ত্রী বলেন, নীতিমালা অনুযায়ী স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ফ্যামিলি কার্ড বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার বিকেল ৫টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ আরও জানান, দিনাজপুর-৬ আসনের চার উপজেলা—নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাটে রাস্তাঘাট, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুতই এসব উন্নয়নকাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি হাসপাতালগুলোতে রোগীদের মানসম্মত খাবার সরবরাহ, চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং সার্বিক চিকিৎসাসেবার মানোন্নয়নে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় চার উপজেলার প্রশাসনিক কর্মকর্তাসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১২৫ বার পড়া হয়েছে