মাদারীপুরে আধিপত্য বিরোধে সংঘর্ষ, ৭ আহত
বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে সংঘর্ষ চলাকালীন একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় পুরো এলাকা কেঁপে উঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়া গ্রামের নাসির হাওলাদার ও আইয়ুব আলী মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলছিল। বুধবার সকালে আইয়ুব আলীর মেয়ে সুমাইয়ার সঙ্গে নাসির হাওলাদারের স্ত্রী রুনি বেগমের কথা কাটাকাটি হয়। পরে দুপুরে নাসির হাওলাদারের স্ত্রী ও মেয়ে মিলে সুমাইয়াকে মারধর করেন।
বিকেলের ঘটনার উত্তেজনা রাত পর্যন্ত বর্ধিত হয়ে ওঠে। রাত ৮টার দিকে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে অন্তত ৭ জন আহত হন এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার খবর পেয়ে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, “সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও র্যাব সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। আহতদের চিকিৎসা চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
এ ছাড়া নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১০৩ বার পড়া হয়েছে