হঠাৎ বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে আমের মুকুলে ক্ষতির শঙ্কা
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাতে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
বিশেষ করে শিবগঞ্জ উপজেলার কানসাট, বিনোদপুর ও মোবারকপুর ইউনিয়নসহ কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের মাত্রা তুলনামূলক বেশি ছিল। হঠাৎ এই বৃষ্টিতে জেলার আমগাছের মুকুল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় উদ্বেগে পড়েছেন স্থানীয় আমচাষিরা।
কৃষি সংশ্লিষ্টরা জানান, এ সময়ে বৃষ্টিপাত হলে আমের মুকুলে ছত্রাকজনিত রোগের ঝুঁকি বেড়ে যায়। ফলে দ্রুত কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় স্প্রে ও পরিচর্যা শুরু করা গেলে সম্ভাব্য ক্ষতি অনেকাংশে এড়ানো সম্ভব। বর্তমানে জেলায় অধিকাংশ আমগাছেই মুকুল ফুটেছে। এ অবস্থায় আবহাওয়ার সামান্য বিরূপ প্রভাবও ফলনের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চাঁপাইনবাবগঞ্জ ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব বলেন, “আমচাষিরা সব সময়ই আবহাওয়াজনিত ঝুঁকির মধ্যে থাকেন। বৃষ্টির পর যদি রোদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করে, তাহলে ক্ষতির পরিমাণ কম হবে বলে আশা করছি।”
চাঁপাইনবাবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন, “যেসব গাছে এখনো মুকুল রয়েছে, সেগুলোর ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। তবে যেসব মুকুলে ইতোমধ্যে গুটি এসেছে, তাদের জন্য এ বৃষ্টি উপকার বয়ে আনতে পারে।”
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, “অসময়ের এ বৃষ্টিতে আমের মুকুলের ক্ষতি হতে পারে। আমরা মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যালোচনা করছি এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।” তিনি আরও জানান, এ বৃষ্টিতে ধান, গম ও পেঁয়াজসহ অন্যান্য ফসল উপকৃত হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে প্রায় ৯২ লাখ ৪৪ হাজার ৭৬৫টি আমগাছ রয়েছে। এ বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ লাখ ৫৮ হাজার ৯১২ মেট্রিক টন।
১০৫ বার পড়া হয়েছে