কুমারখালী পৌরবাজারে যানজট ও ফুটপাত দখলে চরম দুর্ভোগ
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পবিত্র রমজান ও ঈদুল ফিতরের মুখে কুষ্টিয়ার কুমারখালী পৌরবাজারে জনসমাগম দিন দিন বাড়ছে। তবে বাজারে প্রবেশের প্রধান সড়ক এখন কার্যত চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। ফুটপাতের অস্থায়ী দোকানগুলো স্থায়ী আকার ধারন করেছে, আর বেপরোয়া ভ্যান ও বিভিন্ন যানবাহনের দখলে সাধারণ পথচারীরা ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছেন।
সরাসরি পরিস্থিতি পরিদর্শন করলে দেখা যায়, পৌরবাজারের মূল সড়কের বড় অংশ জুড়ে দোকান বসানো হয়েছে। পথচারীদের হাঁটার কোনো স্থান নেই, যানবাহনের লেনগুলোও প্রায় বিলুপ্ত। বিশেষ করে পাখিভ্যান, ব্যাটারি চালিত অটোরিক্সা (পান্টি–কুমারখালী রুট), ছোট-বড় মালবাহী গাড়ি ও মাটি–বালুবাহী যানবাহন নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করছে।
হলবাজার মোড়, গণমোড়, স্টেশন বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ ভ্যানস্ট্যান্ডের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। সারি সারি দাঁড়ানো ভ্যানের কারণে সড়কের অধিকাংশ জায়গা দখল হয়ে যাচ্ছে, ফলে পথচারী ও যানবাহন নিয়মিত সংঘাতে জড়িয়ে পড়ছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ভ্যানচালকদের বড় অংশ কোনো নিয়ম মানতে চাইছে না। প্রতিদিনই পথচারীদের সঙ্গে বাগবিতণ্ডা হচ্ছে, কোথাও কোথাও হাতাহাতির ঘটনা পর্যন্ত ঘটছে। বেপরোয়া চলাচলের কারণে শহরের ভেতরে দুর্ঘটনা ঘটলেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—বাজারের প্রধান সড়কে অতিরিক্ত ভ্যানের কারণে জরুরি রোগী, অ্যাম্বুলেন্স বা অগ্নিনির্বাপণ যান দ্রুত চলাচল করতে পারছে না।
ভুক্তভোগীরা প্রশ্ন করছেন—প্রশাসন কি এ অব্যবস্থার বিষয়ে চোখ বন্ধ করে আছে, নাকি সবকিছু জানেও নীরবতা পালন করছে? ঈদ উপলক্ষে বাজারে ভিড় আরও বাড়লে পরিস্থিতি সম্পূর্ণ অরাজকতায় রূপ নিতে পারে।
সাধারণ মানুষ কুমারখালী পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে চরম পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মূল দাবি হলো—ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা, নির্দিষ্ট স্থানে ভ্যানস্ট্যান্ড নির্ধারণ, ভারী ও মাটি–বালুবাহী যান চলাচলে কড়াকড়ি আরোপ এবং নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনা। অন্যথায় রমজান ও ঈদের আনন্দ কুমারখালী পৌরবাসীর কাছে শুধুই দুর্ভোগে সীমাবদ্ধ থাকবে।
১৩২ বার পড়া হয়েছে