জামালপুরে দুই মুখ ও চার চোখওয়ালা ছাগলের বাচ্চা, এলাকায় চাঞ্চল্য
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিরল আকৃতির একটি ছাগলের বাচ্চা জন্ম নেওয়ার ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
উপজেলার ১নং চর পাকেরদহ ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাকরুল গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দা জিন্নাহ ফকিরের পালিত একটি ছাগল সম্প্রতি দুই মুখ ও চার চোখবিশিষ্ট বাচ্চা প্রসব করে। পরিবারের সদস্যরা প্রথমে বাচ্চাটিকে দেখে বিস্মিত হন। পরে বিষয়টি দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষজন ছুটে আসেন বিরল আকৃতির বাচ্চাটি এক নজর দেখতে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও খবরটি ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাচ্চাটির দুটি পৃথক মুখ এবং চারটি চোখ রয়েছে। বর্তমানে ছাগলের বাচ্চাটি জীবিত থাকলেও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ঘটনাটিকে কেউ কেউ সৃষ্টিকর্তার বিশেষ নিদর্শন হিসেবেও উল্লেখ করছেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আহাজ উদ্দিন ফকির জানান, ঘটনাটি সত্য এবং এলাকায় এটি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. আল আমিন বলেন, এটি একটি জন্মগত ত্রুটির ফল। গর্ভকালীন সময়ে ভ্রূণের কোষ বিভাজনে অস্বাভাবিকতা দেখা দিলে এ ধরনের শারীরিক বিকৃতি হতে পারে। ভ্রূণের প্রাথমিক গঠনের সময় সঠিকভাবে বিভাজন না হওয়ায় কিছু অঙ্গ-প্রত্যঙ্গ দ্বিগুণ হয়ে যায়। তিনি আরও জানান, এটি কোনো সংক্রামক রোগ নয়।
১২৭ বার পড়া হয়েছে