দৌলতপুর খুনের মামলা না তোলায় সাক্ষীর ওপর হামলার অভিযোগ, আহত ১
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জোড়া খুনের মামলার সাক্ষীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
মামলা প্রত্যাহার না করায় বাদীপক্ষকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি স্থানীয়দের। এতে আসমত গাইন (৫৫) নামের এক সাক্ষী গুরুতর আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামে নিহতদের বাড়িতে দেশীয় অস্ত্রসহ একদল দুর্বৃত্ত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। আহত আসমত গাইনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৩০ অক্টোবর ছাতারপাড়া বাজারে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই নিহত হন। নিহতরা হলেন হামিদুল ইসলাম (৪৮) ও নজরুল ইসলাম (৪৫)। তারা বেগুনবাড়িয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। ওই ঘটনায় আহতদের মধ্যে আসমত গাইনও ছিলেন এবং তিনি মামলার অন্যতম সাক্ষী।
এলাকাবাসীর ভাষ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর গাইন ও পিয়াদা বংশের মধ্যে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। জোড়া হত্যাকাণ্ডের মামলাটি তুলে নিতে সম্প্রতি বাদীপক্ষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। মামলা প্রত্যাহার না করায় সাক্ষী আসমত গাইনের ওপর হামলা চালানো হয়।
আহতের ভাতিজা সজিব হোসেন বলেন, ইফতারের আগে তাদের বাড়িতে হামলা হয় এবং তার চাচাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আগের জোড়া খুনের ঘটনার জেরে এলাকায় উত্তেজনা রয়েছে। একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১২০ বার পড়া হয়েছে