রংপুরে নকল ঘি কারখানায় অভিযান, ভেজাল পণ্য জব্দ
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নগরীর একটি ভাড়া বাসায় গড়ে তোলা নকল ঘি তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ মণ ভেজাল ঘি, বিপুল পরিমাণ উৎপাদন সরঞ্জাম, খালি কৌটা ও সিলিং মেশিন জব্দ করেছে।
এ ঘটনায় কারখানার মূল হোতা মাইদুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে মহানগর ডিবি পুলিশের উপকমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর তিনটার দিকে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের দামোদরপুর মহল্লার প্রেসিডেন্টের মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে বিপুল পরিমাণ নকল ঘি ও তৈরির সরঞ্জামসহ মাইদুল ইসলামকে আটক করা হয়। তিনি রংপুরের পীরগাছা উপজেলার আদম গনেশের খামার গ্রামের হোসেন আলীর ছেলে।
পুলিশ জানায়, প্রায় ছয় মাস আগে মাইদুল ইসলাম দামোদরপুর এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে নকল ঘি উৎপাদনের কারখানা স্থাপন করেন। কোনো ধরনের দুগ্ধজাত উপাদান ব্যবহার না করে ডালডা, পাম অয়েল ও কৃত্রিম ফ্লেভার দিয়ে ঘি তৈরি করতেন তিনি। পরে তা আকর্ষণীয় মোড়ক ও টিনে ভরে ‘খাঁটি গাওয়া ঘি’ হিসেবে বাজারজাত করা হতো। রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসব পণ্য সরবরাহ করা হচ্ছিল।
পুলিশ আরও জানায়, পবিত্র রমজান উপলক্ষে নকল ঘি উৎপাদন ও সরবরাহের পরিমাণ বাড়ানো হয়েছিল। দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে আর্থিক জালিয়াতি করে আসছিল চক্রটি।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
১১২ বার পড়া হয়েছে