শেরপুরে চুরির সন্দেহে যুবককে ঝুলিয়ে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
শেরপুর সদর উপজেলার চৈতনখিলা পশ্চিম পাড়া সাতঘড়িয়া গ্রামে চুরির সন্দেহে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে ঝুলিয়ে মারধরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, আহত যুবকের নাম নিলু মিয়া (২৫)। তিনি পাকুরিয়া ইউনিয়নের গণই মমিনাকান্দা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় কালু মিয়ার ছেলে। পরিবারের দাবি, চুরির অভিযোগ তুলে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ঝুলিয়ে মারধর করা হয়।
গুরুতর আহত অবস্থায় নিলু মিয়াকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নিলু মিয়ার মা অভিযোগ করে বলেন, “আমার নিরপরাধ ছেলেকে পরিকল্পিতভাবে ধরে নিয়ে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। এখন সে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। যারা আমার ছেলেকে চোর সাজিয়ে এভাবে ঝুলিয়ে নির্যাতন করেছে, তারা নিজেরাই নেশাখোর ও চোর। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
ঘটনার ভিডিও শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পাকুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. জসিম উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, “কোনো তথ্য-প্রমাণ ছাড়া চুরির সন্দেহে বাড়ি থেকে ধরে নিয়ে এভাবে একজন মানুষকে পিটানো কোনোভাবেই কাম্য নয়।” তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই ঘটনার নিন্দা জানিয়েছেন। ফোরকান রাজ নামে একজন মন্তব্য করেন, “বিষয়টা খুব খারাপ হয়েছে। ছেলেটা যদি চুরি করেও থাকে, তবে তাকে আইনের হাতে তুলে দেওয়া যেত। এভাবে ঝুলিয়ে মারধর ঠিক হয়নি।”
সারোয়ার হোসেন নামে আরেকজন লেখেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সঠিক তদন্তের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এলাকাবাসী ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
১২১ বার পড়া হয়েছে