তারেক রহমানকে অভিনন্দন বাংলাদেশ ন্যাপ'র, জবাবদিহিমূলক শাসনের প্রত্যাশা
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।
একই সঙ্গে নতুন সরকারের কাছে অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে দলটি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ অভিনন্দন ও প্রত্যাশার কথা জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, জনগণের প্রত্যক্ষ সমর্থনে অর্জিত এই বিজয় দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করেছে। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম ও প্রতিকূলতার মধ্য দিয়ে তারেক রহমান যে নেতৃত্ব, ধৈর্য ও কৌশলগত সক্ষমতার পরিচয় দিয়েছেন, তা দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তারা। তাদের মতে, এই বিজয় জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষারই প্রতিফলন।
নেতৃদ্বয় আরও বলেন, বিগত বছরগুলোতে দেশের রাজনৈতিক অঙ্গন নানা সংকট, বিভাজন ও দমন-পীড়নের অভিযোগে চিহ্নিত ছিল। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে তারা আশা প্রকাশ করেন, নতুন সরকারের আমলে এসব অভিযোগের পুনরাবৃত্তি ঘটবে না এবং সরকার নিজেকে এসব বিতর্কের ঊর্ধ্বে রাখবে।
বিবৃতিতে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র রাজনৈতিক দর্শনের ধারাবাহিকতায় রাষ্ট্র পরিচালনার প্রত্যাশাও ব্যক্ত করা হয়। জাতীয়তাবাদ, গণতন্ত্র, অর্থনৈতিক স্বনির্ভরতা ও সামাজিক ন্যায়বিচারের আদর্শ বাস্তবায়নে নতুন সরকার কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করে দলটি।
এছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, বিরোধী মতের প্রতি সহনশীলতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের স্বাধীন কার্যক্রম নিশ্চিত করা, অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধি এবং দুর্নীতিবিরোধী পদক্ষেপ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয় বিবৃতিতে।
শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর পরিবারের সদস্য এবং মন্ত্রিসভার সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেছে বাংলাদেশ ন্যাপ।
১০৬ বার পড়া হয়েছে